বাউরেস-এর পরিচালক ও সহযোগী পরিচালকের বিদায় সংবর্ধনা
মীরশুয়াইমব ময়মনসিংহ প্রতিনিধি:- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) -এর বিদায়ী পরিচালক ও সহযোগী পরিচালকের বিদায় সংবর্ধনা এবং নবনিযুক্ত পরিচালক ও সহযোগী পরিচালক এর বরণ অনুষ্ঠিত হয়েছে।
২৫শে আগস্ট ২০২৬, মঙ্গলবার সকাল ১০.০০টায় বাউরেস সভাকক্ষে এই সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাউরেস পরিচালক প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান এর সভাপতিত্বে এবং সহযোগী পরিচালক ড. মোহাম্মদ মতিউর রহমান এর সঞ্চালনায় পরিচালিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি এর কৃষি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: সামছুল আলম এবং নবনিযুক্ত বাউরেস পরিচালক প্রফেসর ড. সামছুল আলম ভুঁঞা, প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম, প্রফেসর ড. আহমেদ খায়রুল হাসান, সোনালী দলের সাধারণ সম্পাদক প্রফেসর ড. এ. কে.এম. আদহামসহ অন্যান্য আমন্ত্রিত দায়িত্বশীল শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। বাউরেস কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করেন।
অনুষ্ঠানে বাউরেস-এর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে বিদায়ী পরিচালকদের প্রতি তাঁদের দীর্ঘদিনের অবদানের জন্য শুভকামনা জানান এবং নবনিযুক্ত পরিচালক ও সহযোগী পরিচালককে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেন। এছাড়াও বিদায়ী এবং নবনিযুক্ত পরিচালক/সহযোগী পরিচালকদ্বয়কে বাউরেস পরিবারের পক্ষ থেকে ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
বিদায়ী পরিচালক প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান তার বিগত দুইবছর সময়কালের সম্পাদিত বিভিন্ন কার্যাবলীর সংক্ষিপ্ত ধারণা প্রদান করেন এবং ভবিষ্যতে এটা আরও বৃদ্ধি পাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন। নবনিযুক্ত পরিচালক প্রফেসর ড. মো: সামছুল আলম ভুঁঞা ভবিষ্যতে সততা ও স্বচ্ছতার সাথে দায়িত্বপালনে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান বাকৃবির গবেষণা কার্যক্রমে বাউরেসের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বিদায়ী পরিচালকের বিভিন্ন কাজের প্রশংসা করেন এবং নবনিযুক্ত পরিচালকের নেতৃত্বে আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
