বকশীগঞ্জে সার-বীজের কৃত্রিম সংকট রুখতে কড়া বার্তা: মনিটরিং সভা অনুষ্ঠিত
আল মোজাহিদ বাবু , বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
কৃষক যেন কোনোভাবেই প্রতারিত না হন এবং নির্ধারিত মূল্যেই সার-বীজ পান এমন কঠোর বার্তা নিয়ে জামালপুরের বকশীগঞ্জে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা-উল-হুসনার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শওকত আকবর, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিল্লুর রহমান, সার ডিলার লিটন সাহা, পলক চন্দ্র সাহা, আলহাজ্ব দেলোয়ার হোসেন এবং প্রেস ক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি প্রমুখ।
এসময় বক্তারা বলেন, কৃষকদের স্বার্থে সরকারি নির্ধারিত মূল্যে সার ও বীজ সরবরাহ নিশ্চিত করতে হবে। কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দাম নেওয়া কিংবা সার-বীজ মজুত করে রাখার সুযোগ দেওয়া যাবে না। কৃষকরা যাতে প্রয়োজনের সময় সহজে ও ন্যায্যমূল্যে সার ও বীজ পান, সে বিষয়ে ডিলারদের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও সতর্ক থাকতে হবে।
তারা আরও বলেন, সার ও বীজের বাজারে কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকটের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিয়মিত বাজার মনিটরিং ও তদারকি কার্যক্রম অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
