মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

৫৯ বছর বয়সে বিএসএস পাস করলেন শ্রীপুরের বেলায়েত

রবিবার, ৩০ আগস্ট ২০২৬ পঠিত: ১৯ বার

​মো: শাহাদত হোসাইন, গাজীপুর প্রতিনিধি:-​বয়স যে শিক্ষার পথে কোনো বাধা হতে পারে না—তা আবারও প্রমাণ করলেন গাজীপুরের বেলায়েত শেখ। ৫৯ বছর বয়সে সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে সফলভাবে বিএসএস (অনার্স) ডিগ্রি অর্জন করে তিনি অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

​রবিবার (৩০ আগস্ট) স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগের সমন্বয়ক ও সহকারী অধ্যাপক রিফাত সুলতানা জানান, গত ২৯ আগস্ট (শনিবার) চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে বেলায়েত শেখ সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।

​জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে দীর্ঘ বিরতির পর শিক্ষাজীবনে ফেরেন বেলায়েত শেখ। ২০১৭ সালে ৫০ বছর বয়সে ঢাকার দারুল ইসলাম আলিম মাদ্রাসায় নবম শ্রেণিতে ভর্তি হয়ে তিনি নতুন করে পড়াশোনা শুরু করেন। এরপর ২০১৯ সালে এসএসসি এবং ২০২১ সালে এইচএসসি পাস করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধে অংশ নেন তিনি। সবশেষে ২০২২ সালে তিনি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ভর্তি হন।

​বিশ্ববিদ্যালয় জীবনে বয়সের ফারাক, পারিবারিক ও আর্থিক নানা চ্যালেঞ্জ সত্ত্বেও তিনি কখনো হাল ছাড়েননি। নিয়মিত ক্লাস, পড়াশোনা ও পরীক্ষায় অংশ নিয়ে অবশেষে স্নাতকের গণ্ডি পার হতে সক্ষম হয়েছেন তিনি।

​নিজের এই কৃতিত্বে অনুভূতি প্রকাশ করে বেলায়েত শেখ বলেন, “শিক্ষার কোনো নির্দিষ্ট বয়স নেই। জীবনে যত বাধাই আসুক না কেন, অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে স্বপ্ন পূরণ করা সম্ভব। যারা বয়সের কারণে পড়াশোনা থেকে পিছিয়ে গেছেন, তাদের প্রতি আমার আহ্বান—সুযোগ পেলেই আবার শিক্ষাজীবনে ফিরে আসুন।

​তার এই অর্জনে পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা অত্যন্ত আনন্দিত। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার এই সাফল্য প্রশংসিত হচ্ছে। ৫৯ বছর বয়সে ডিগ্রি অর্জনের মাধ্যমে বেলায়েত শেখ শুধু নিজের স্বপ্নই পূরণ করেননি, বরং সমাজের সবার জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল বার্তা রেখে গেছেন।

​ব্যক্তিগত জীবনে বেলায়েত শেখ বৃদ্ধা মা, স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং তিন নাতি-নাতনি নিয়ে এক যৌথ পরিবারের প্রধান।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *