কলারোয়ার হেলাতলায় অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
রবিবার সকাল ১১ টায় হেলাতলা ব্রিকস ফিল্ডে অনুষ্ঠিত এ সহায়তা প্রদান অনুষ্ঠানে হেলাতলা ইউনিয়নের ২৮৮ জন ব্যক্তির হাতে আর্থিক সহায়তা হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্ল্যাকেটে লেখা ছিল ‘ড্রপলেটস অফ মার্সি’। যার বাংলা অর্থ হতে পারে-
মমতার শিশিরবিন্দু। যা চেয়ারম্যান পরিবারের এ মানবিক উদ্যোগের একটি নামকরণ। বিভিন্ন শ্রেণি ও পেশার সহস্রাধিক মানুষের উপস্থিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে হেলতলার ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের পরিবারের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করেন শিল্পপতি ইমাম হোসেন। আল-খায়ের ফাউন্ডেশন এ আর্থিক সহায়তা অনুষ্ঠান বাস্তবায়ন করে। অনুষ্ঠানে আল-খায়ের ফাউন্ডেশনের ইন্দোনেশিয়ার কান্ট্রি ডিরেক্টর ওয়াওওয়ান জুলিয়ানটো ও বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান পরিবারের সদস্য ইমাম হোসেন বলেন, কানাডায় অবস্থানরত আমাদের সন্তানদের পাঠানো অর্থ সমাজের অসহায় ব্যক্তিদের মাঝে আমরা বিতরণ করছি। আমাদের লক্ষ্য প্রকৃত অসহায়দের মাঝে আর্থিক সেবা পৌঁছে দেওয়া। এক্ষেত্রে আমাদের পাশে রয়েছে আল-খায়ের ফাউন্ডেশন। ইন্দোনেশিয়ার কান্ট্রি ডিরেক্টর ওয়াওওয়ান জুলিয়ানটো বলেন, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। তাদের সহায়তা প্রদান করতে পেরে আমরা খুশি। তিনি বলেন আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ বলেন, আল-খায়ের ফাউন্ডেশন সকল সময় আপনাদের পাশে থেকে এভাবে সহায়তা দিয়ে যাবে। আপনারা প্রাপ্ত অর্থ প্রকৃত প্রয়োজনেই ব্যয় করবেন। আমরা আগামীতেও আপনাদের জন্য সহায়তার হাত বাড়াতে চাই। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, আমরা অসহায় মানুষের মৌলিক চাহিদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। সেই হিসেবে হতদরিদ্র মানুষের তালিকা প্রস্তুত করে তাদের হাতে পরিবারের সদস্যদের দেওয়া অর্থ আমরা তুলে দিচ্ছি। এক্ষেত্রে আমাদের পাশে রয়েছে আল-খায়ের ফাউন্ডেশন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওলিউর রহমান।
