রাজবাড়ীতে ভুয়া চিকিৎসক দিয়ে আল্ট্রাসনো করায় জরিমানা
রাজবাড়ীর কালুখালীতে সালেহা সামাদ হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে কালুখালী উপজেলায় অবস্থিত সালেহা সামাদ হাসপাতালে এ অভিযান পরিচালনা করেন কালুখালী উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানের সময় হাসপাতালের মালিক আবু হোসেন নিজেই আল্ট্রাসনোগ্রাফি করতেন—এমন প্রমাণ পাওয়া যায়। এছাড়া নিয়মবহির্ভূতভাবে নিজের নামের আগে ‘ডা.’ শব্দ ব্যবহারের বিষয়টিও অভিযানে উঠে আসে।
এ সময় হাসপাতালের ল্যাবরেটরি পরিদর্শন করে নষ্ট ফ্রিজ ও মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট পাওয়া যায়। এসব অনিয়মসহ সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে হাসপাতালের মালিক আবু হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিষ্ঠানের সব সমস্যা সমাধান করে লাইসেন্স হালনাগাদ করার নির্দেশ দেন।
এছাড়া এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক ছাড়া অন্য কাউকে দিয়ে কোনোভাবেই আল্ট্রাসনোগ্রাফি না করানোর নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে কালুখালী উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ জানান, মোবাইল কোর্ট পরিচালনার সময় প্রতিষ্ঠানটিতে বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। এসব অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে সমস্যাগুলো সমাধান করে লাইসেন্স হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যসেবা সংক্রান্ত নিয়ম-কানুন মেনে প্রতিষ্ঠান পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।
