মূল কন্টেন্টে যান
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ

সুন্দর সমাজ গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১ বার

তরুণরাই দেশের শক্তি। তরুণসমাজ কেবল দেশের ভবিষ্যৎ নয়, তারা বর্তমানের রূপকার।

তরুণদের মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

গতকাল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট’-এর প্রথম আসরের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল, এমপি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করতে প্রাত্যহিক জীবনের অংশ হিসেবে খেলাধুলাকে গ্রহণ করা প্রয়োজন। তিনি বলেন, স্কুলপর্যায় থেকে যদি নিয়মিত ক্রীড়া চর্চার সুযোগ নিশ্চিত করা যায়, তবে আগামী দিনের তরুণদের মাঝে নেতৃত্ব গুণাবলী, শৃঙ্খলাপরায়ণতা এবং পারস্পরিক সম্প্রীতির মানসিকতা গড়ে উঠবে। এভাবেই আমাদের দেশের তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে হবে। তিনি বলেন, আজকের তরুণদের সঠিক দিকনির্দেশনাই নির্ধারণ করে আগামী দিনে দেশ কোন পথে পরিচালিত হবে।

টুর্নামেন্টের চেয়ারম্যান এরশাদ উল্লাহ, এমপির সভাপতিত্বে এবং প্রধান সমন্বয়ক নাজিমুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইসরাফিল খসরু।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেন। পরবর্তীতে মনোজ্ঞ আতশবাজির প্রদর্শনী এবং জাসাস শিল্পীদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *