মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

ঝিকরগাছায় সরকারি জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, রেল কর্তৃপক্ষের মামলা

রবিবার, ৯ আগস্ট ২০২৬ পঠিত: ২৩ বার

যশোর অফিস

যশোরের ঝিকরগাছা পুরাতন রেলস্টেশনের পাশে রেলওয়ের বরাদ্দপ্রাপ্ত প্রায় ১২ শতক জমি দখলের অভিযোগ উঠেছে পৌর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তারিক মোহাম্মদের বিরুদ্ধে। এ ঘটনায় অবৈধ দখলদারের বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা করেছে রেল কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্রে জানা গেছে,২০২৪ সাল থেকে বাংলাদেশ রেলওয়ের সীমাঞ্চল স্টেট বিভাগ ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দীন,তাঁর স্ত্রী সেলিনা সুলতানা ও হুমায়ূন কবিরের নামে ওই জমি বরাদ্দ দেয়। বর্তমানে জমিটি তাঁদের নামেই বরাদ্দ রয়েছে।

রোববার (৯ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়, রেল কর্তৃপক্ষ ও বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিদের অনুমতি ছাড়াই জমিটি বাঁশের চাটাই দিয়ে ঘিরে রাখা হয়েছে। সেখানে কয়েকটি গাছও লাগানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিএনপি নেতা তারিক মোহাম্মদ ওই বেড়া দিয়েছেন।

এ বিষয়ে তারিক মোহাম্মদ বলেন, জমিটি ইলিয়াস উদ্দীনদের লিজ নেওয়া—এটি তিনি জানতেন না। তবে তাঁদের প্রয়োজন হলে বেড়া ভেঙে সেখানে কাজ করতে পারবেন।

ঝিকরগাছা রেলস্টেশনের স্টেশন ম্যানেজার নিগার সুলতানা বলেন, গত ৫ আগস্ট তারিকুর রহমান নামে একজন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বেড়া দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে যশোর অঞ্চলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, অবৈধ দখলদারের বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা করা হয়েছে।

রেলওয়ে থানার খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন,অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *