অভয়নগরে বাহারুল হত্যা মামলায় ‘আশা’ গ্রেপ্তার
যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় মো. আশরাফুল ওরফে আশা (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ১২টার দিকে খুলনার ফুলতলা থানার দক্ষিণডিহি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আশরাফুল ফুলতলার দক্ষিণডিহি গ্রামের মৃত আব্দুর রশিদ শেখের ছেলে। পুলিশ জানায়, মামলার পলাতক আসামি মামুন মল্লিকের সঙ্গে তার একাধিকবার মোবাইলে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এছাড়া হত্যার চুক্তির টাকা হিসেবে তিন লাখ টাকা তার ব্যাংক হিসাবে জমা দেওয়ার তথ্যও পাওয়া গেছে বলে আদালতে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে আশরাফুল হত্যার চুক্তি অনুযায়ী বাহারুলকে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার এবং গুলি করে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তবে আদালতে তিনি হত্যার দায় অস্বীকার করেছেন।
মামলার সুষ্ঠু তদন্ত ও অন্য আসামিদের গ্রেপ্তারের স্বার্থে তাকে জেলহাজতে রাখার পাশাপাশি পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।
