মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত, আহত ১০

রবিবার, ৯ আগস্ট ২০২৬ পঠিত: ১৮ বার

যশোর অফিস 

যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। একই দিনে পৃথক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। রোববার সকালে যশোর শহর ও আশপাশের এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহত দম্পতি হলেন চৌগাছা উপজেলার মাধবপুর গ্রামের আব্দুর রশিদ (৪৫) ও তাঁর স্ত্রী সাবিনা খাতুন দিপালী (৪০)। তাঁরা চৌগাছা বাজারের মডেল পাড়ায় বসবাস করতেন।

নিহতের ভাই সাদ্দাম হোসেন জানান,রোববার সকাল সাড়ে ১১টার দিকে আব্দুর রশিদ ও তাঁর স্ত্রী মোটরসাইকেলে যশোর শহর থেকে চৌগাছার দিকে যাচ্ছিলেন। যশোর ক্যান্টনমেন্টের সিগন্যাল মেইন গেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক মাধবী রানী তাঁদের হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সাবিনা খাতুন দিপালী মারা যান। পরে আব্দুর রশিদের অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ঢাকায় নেওয়ার পথে নড়াইল এলাকায় অ্যাম্বুলেন্সে তাঁর মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান।

পরিবার সূত্রে জানা গেছে, আব্দুর রশিদ দুবাইপ্রবাসী ছিলেন। কিছুদিন আগে তিনি দেশে ফিরেছিলেন।

এদিকে একই দিন সকাল পৌনে ১০টার দিকে যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল সংলগ্ন মহিউদ্দিন তেল পাম্পের পাশে আরেকটি দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়।

এতে বাসের ছাদে থাকা অন্তত ১০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তাঁরা হলেন—মনিরামপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের মোহাম্মদ মাসুম বিল্লাহ (৩৭), মাগুরা সদর উপজেলার উত্তর মাজাইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. শরিফুল ইসলাম (৭৫), ঝিনাইদহের খার্দ্দরায় গ্রামের অর্ক (২৮), নড়াইল সদর উপজেলার কালিনগর গ্রামের চঞ্চল (৪৫) এবং সাবিরা নামে এক নারী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে চারজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ এলাকায় চলে গেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *