কক্সবাজার প্রতিনিধি:- কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দৈনিক রূপালী সৈকত পত্রিকার প্রতিনিধি সম্মেলন-২০২৬। শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় শহরের হোটেল বীচ ওয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিবৃন্দ, সম্পাদকমণ্ডলী, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে এবং নির্বাহী সম্পাদক নুর হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. সোহেল। তাঁর সুললিত কণ্ঠে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. এম. জিয়াউল সিদ্দিকী, সিআইপি, উপদেষ্টা সম্পাদক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। প্রধান বক্তা ছিলেন আ. স. ম. মোহাম্মদ জাহিদুল হক নাহিদ, ম্যানেজিং এডিটর। এছাড়াও ব্যবস্থাপনা সম্পাদক, বার্তা সম্পাদক, সহ-সম্পাদকসহ পত্রিকার ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একজন সাংবাদিকের প্রথম ও প্রধান দায়িত্ব হলো তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে সত্য ও মিথ্যার পার্থক্য নির্ণয় করে নির্ভুল, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশন করা। গুজব, অপপ্রচার কিংবা একপাক্ষিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত দায়িত্বের পরিপন্থী। তাই প্রতিটি সংবাদ প্রকাশের আগে একাধিক নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
তারা আরও বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই অসংখ্য তথ্য ছড়িয়ে পড়ে। তবে সব তথ্য সত্য বা নির্ভরযোগ্য নয়। একজন দায়িত্বশীল সংবাদকর্মীর কর্তব্য হলো সত্যতা নিশ্চিত করে জনস্বার্থে সংবাদ প্রকাশ করা। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতাই গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা অটুট রাখে এবং একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সম্মেলনে প্রতিনিধিদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকতার নৈতিকতা সমুন্নত রাখা, আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশের উন্নয়ন ও জনকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রতিনিধি সম্মেলনের সার্বিক সফলতা কামনা করে বক্তারা আশা প্রকাশ করেন, দৈনিক রূপালী সৈকত ভবিষ্যতেও সত্য, সাহসী, নিরপেক্ষ ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা আরও সুদৃঢ় করবে এবং দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রতিনিধিদের মধ্যে মতবিনিময়, সম্মাননা স্মারক প্রদান এবং পত্রিকার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধিরা নিজ নিজ এলাকার সাংবাদিকতা, সংবাদ সংগ্রহের বাস্তব অভিজ্ঞতা এবং পত্রিকার উন্নয়নে বিভিন্ন গঠনমূলক মতামত তুলে ধরেন।
সম্মেলন শেষে দৈনিক রূপালী সৈকত পরিবারের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল প্রতিনিধি ও সাংবাদিকদের পেশাগত উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও শুভকামনা জানানো হয়।
Reporter Name 














