হাফিজুর রহমান সাতক্ষীরা প্রতিনিধি:- অপরিকল্পিতভাবে মাছের ঘেরের বাঁধ নির্মাণ, পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা এবং টানা অতি বৃষ্টিপাতের কারণে সাতক্ষীরা সদর উপজেলার শাল্যে, মাছখোলা, বেড়াডাঙ্গা, জেয়ালা, দামারপোতা ও আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে ঘেরের বাঁধ নির্মাণ করা হয়েছে। ফলে প্রাকৃতিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ভারী বর্ষণে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন হতে না পারায় গ্রামের রাস্তাঘাট, বসতবাড়ি, কৃষিজমি ও মাছের ঘের পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। বর্তমানে টানা বৃষ্টির কারণে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়বেন এবং কৃষি ও মৎস্য খাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে।
এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অবিলম্বে পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা দূর করা, খাল-নালা ও জলপ্রবাহের পথ সচল রাখা এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে সাতক্ষীরার জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। তাদের প্রত্যাশা, দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হলে সম্ভাব্য প্লাবন ও ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে এলাকাবাসীকে রক্ষা করা সম্ভব হবে।
Reporter Name 














