দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো
অটোরিকশা চালক মো. সুন্দর আলীকে অপহরণ করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবির প্রেক্ষিতে অপহরনকারীর ৪ জনকে আটক করেছে র্যাব-১০ । উদ্ধার করা হয়েছে সুন্দর আলীকে ।
সোমবার ২০ জুলাই ২০২৬ দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ মঙ্গলবার (২১ জুলাই) র্যাব-১০ এর সদর দপ্তর কেরানীগঞ্জে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১০ এর ল-অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন,
পিপিএম-সেবা।
র্যাব জানায়, মো. সুন্দর আলী (৪৬) দক্ষিণ কেরানীগঞ্জের চর কুন্দলিয়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি অটোরিকশা চালক। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখতে যাচ্ছিলেন।
গত ১৯ জুলাই বিকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের গোলাম বাজার থেকে রামেরকান্দার দিকে যাওয়ার পথে কোনাখোলা-ধর্মশুর এলাকায় পৌঁছালে আসামি কুদ্দুসহ ৪ জন তার অটোরিকশার গতিরোধ করে। এরপর মারধর করে জোরপূর্বক নিজেদের অটোতে তুলে রামেরকান্দা বালুর মাঠে নিয়ে যায়।

সেখানে তাকূ ভয়ভীতি দেখিয়ে পরিবারের কাছে ২ লাখ টাকা দাবি করা হয়। একপর্যায়ে তাকে চেতনানাশক ঔষধ খাইয়ে তার মোবাইল দিয়েই পরিবারের সঙ্গে যোগাযোগ করে টাকা পাঠানোর চাপ দেয় অপহরণকারীরা।
রাত ২টার দিকে আসামি রাকিবের বাসায় নিয়ে তালাবদ্ধ করে রাখা হয়।
পরে পরিবারের পক্ষ থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগের পাশাপাশি র্যাব-১০ এর কাছে উদ্ধারের অনুরোধ করা হয়। এরপর তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ২০ জুলাই দুপুরে শুভাঢ্যা এলাকার একটি ভাড়া বাসা থেকে তালাবদ্ধ অবস্থায় সুন্দর আলীকে উদ্ধার করে র্যাব। এসময় অপহরণকারী চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। তারা হলেন মো. কুদ্দুস মিয়া (৩৮), পিতা মৃত মোজাফফর বাদশা, সাং কাজিরচর, থানা মুলাদী, জেলা বরিশাল ,মো. জুয়েল রানা (৪০), পিতা হাজী আ. করিম, সাং শুভাঢ্যা উত্তরপাড়া, থানা দক্ষিণ কেরানীগঞ্জ
মো. রাকিব হাওলাদার (২৬), পিতা আব্দুর রাজ্জাক, সাং কৈখালী, থানা বাউফল, জেলা পটুয়াখালী মো. অপু মীর ওরফে বায়েজিদ (৩৫), পিতা শাহাবুদ্দিন মীর, সাং কাউখালি, থানা রাঙ্গাবালী, জেলা পটুয়াখালী
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কুদ্দুসের বিরুদ্ধে ২টি ডাকাতির প্রস্তুতি ও ১টি অস্ত্র আইনসহ ৪টি মামলা রয়েছে। জুয়েল রানার বিরুদ্ধে ৫টি মাদক মামলা। রাকিবের বিরুদ্ধে ১টি ডাকাতির প্রস্তুতি মামলা। এবং অপু মীরের বিরুদ্ধে ২টি চাঁদাবাজি, ১টি ডাকাতির প্রস্তুতি ও ১টি নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে।
Reporter Name 














