জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গ্যাস টেবলেট খেয়ে অষ্টমী রাণী রায় (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বিষাক্ত ট্যাবলেট সেবনের পর তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে পরিবারের সদস্যরা গুরুতর অসুস্থ অবস্থায় অষ্টমী রাণীকে হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে পাকস্থলী পরিষ্কার (গ্যাস্ট্রিক ল্যাভাজ)সহ প্রাথমিক চিকিৎসা দেন এবং উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে সেখানে নেওয়ার আগেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
নিহত অষ্টমী রাণী উপজেলার বাচোর ইউনিয়নের গুয়াগাঁও গ্রামের যগেন রায়ের মেয়ে।
রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ইউপি সদস্য খগেন চন্দ্র রায় জানান, প্রায় দুই বছর আগে চাচাতো বোনের জামাই সম্পর্কে দুলাভাই দুলাল চন্দ্র রায়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি নিয়ে পারিবারিক বিরোধ সৃষ্টি হলেও পরে তা মীমাংসা হয়। সম্প্রতি তারা পরিবারের অমতে বিয়ে করে ঢাকায় বসবাস করছিলেন।
তিনি আরও জানান, গত বৃহস্পতিবার অষ্টমী রাণী বাবার বাড়িতে আসেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের জানান, তার স্বামী যৌতুক হিসেবে টাকা দাবি করছেন এবং টাকা না দিলে তাকে আর সংসারে রাখবেন না বলে চাপ দিচ্ছেন। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে টাকা দিতে না পারায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরিবারের অভিযোগ, এ ঘটনার জের ধরেই সোমবার গভীর রাতে অষ্টমী রাণী বিষাক্ত ট্যাবলেট সেবন করেন।
পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, গ্যাস টেবলেট খেয়ে গৃহবধূর মৃত্যুর খবর পেয়েছি । এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
Reporter Name 













