নওগাঁ প্রতিনিধি:- নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন আলী (২৫) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
আজ শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে শহরের বাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার জননী ছাত্রাবাসের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইমন মান্দা উপজেলার মাগুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জননী ছাত্রাবাসের ১০৯ নম্বর কক্ষে একাই বসবাস করতেন ইমন। শুক্রবার সন্ধ্যায় গ্রামের বাড়ি থেকে ছাত্রাবাসে ফিরে আসার পর পরিবারের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি। এতে উদ্বিগ্ন হয়ে শনিবার সকাল ৯টার দিকে তার মামা ছাত্রাবাসে এসে দরজায় বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি।
পরে ছাত্রাবাসের অন্যান্য শিক্ষার্থীদের সহযোগিতায় দরজা ভেঙে কক্ষে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইমনের মরদেহ দেখতে পান। খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 














