অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ পাওয়ায় যশোরে শিক্ষক-কর্মচারীদের আনন্দ র্যালি
যশোর অফিস
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের আটকে থাকা অর্থ ছাড় করায় যশোরে আনন্দ সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোট যশোর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোরের হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
সমাবেশে বক্তারা দীর্ঘদিন বন্ধ থাকা অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের অর্থ ছাড় করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষক-কর্মচারীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের জেলা সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মিজানুর রহমান ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান মধুসহ শিক্ষকবৃন্দ।
সমাবেশ শেষে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা মোড়ে গিয়ে শেষ হয়। র্যালিতে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী অংশ নেন।
