মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩ 

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ পঠিত: ১৫ বার
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা শাখার (ডিবি’র) বিশেষ অভিযানে পৃথক স্থানে ৩৯ পিসইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একজন আসামি ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
ডিবি পুলিশ জানায়, গত ২৮শে জুলাই গোপন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাচাউন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে রুবেল মিয়া ওরফে লেখন মিয়া (৪১)-এর বসতবাড়ি ঘেরাও করলে তার বড় ভাই মো. আব্দুল মতিন ওরফে লেখন মিয়া (৫৫) পালিয়ে যান। পরে রুবেল মিয়াকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, পালিয়ে যাওয়া ভাইয়ের সহযোগিতায় বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবাগুলো নিজ হেফাজতে রেখেছিলেন।
একই দিনে পরিচালিত আরেক অভিযানে আব্দুর রহমান ওরফে লেদন মিয়া (৫৩) এবং মজনু মিয়া (৪২)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় আব্দুর রহমানের বসতঘরের বারান্দার কক্ষের চৌকির নিচ থেকে ১ কেজি গাঁজা এবং মজনু মিয়ার কাছ থেকে আরও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিক্রয়ের উদ্দেশ্যে উদ্ধার হওয়া গাঁজা নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিবি পুলিশ।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, সিডিএমএস (CDMS) যাচাইয়ে দেখা গেছে, গ্রেপ্তারকৃত রুবেল মিয়ার বিরুদ্ধে পূর্বে ৪টি, পলাতক আব্দুল মতিনের বিরুদ্ধে ২টি এবং গ্রেপ্তারকৃত আব্দুর রহমানের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। তারা সবাই পেশাদার মাদক কারবারি বলে পুলিশের দাবি।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীমঙ্গল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে।
পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *