মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

কক্সবাজারে প্যারাসেইলিংয়ে প্রাণ গেল তরুণ পর্যটকের

শনিবার, ১ আগস্ট ২০২৬ পঠিত: ১৬ বার

এম,হাসান, কক্সবাজার প্রতিনিধি:- কক্সবাজার সমুদ্রসৈকতের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে অক্ষর সৌভিক রায় (৩১) নামে এক তরুণ পর্যটকের মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক ঘটনার পর পর্যটননির্ভর এ অঞ্চলের অ্যাডভেঞ্চার স্পোর্টসের নিরাপত্তা ব্যবস্থা, তদারকি ও দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট সি-স্পোর্টস প্রতিষ্ঠানে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটলেও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়নি।

শনিবার (১ আগস্ট) দুপুর ২টার দিকে দরিয়ানগর এলাকার একটি সি-স্পোর্টস জোনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অক্ষর সৌভিক রায় খুলনা সদর উপজেলার বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে।

জানা যায়, শনিবার সকালে নয়জন বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন অক্ষর সৌভিক রায়। দুপুরে তারা দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং উপভোগ করতে যান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্যারাসেইলিং চলাকালে একপর্যায়ে তিনি সমুদ্রে ছিটকে পড়ে পানিতে তলিয়ে যান। পরে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল জানান, দুপুর ২টা ১০ মিনিটে ওই পর্যটককে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, দুর্ঘটনার পরপরই পর্যটককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, মো. ফরিদের মালিকানাধীন দরিয়ানগর এলাকার ওই সি-স্পোর্টস প্রতিষ্ঠানে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। নিরাপত্তাজনিত কারণে এক সময় প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলেও অল্প কিছুদিনের মধ্যেই তা পুনরায় চালু করা হয়। কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে কি না, সে বিষয়ে প্রশ্ন থেকেই গেছে।

স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, কক্সবাজারে প্রতিবছর লাখো পর্যটক অ্যাডভেঞ্চার স্পোর্টস উপভোগ করতে আসেন। অথচ এসব কার্যক্রম পরিচালনায় নিরাপত্তা সরঞ্জামের মান, প্রশিক্ষিত কর্মী, আবহাওয়ার ঝুঁকি মূল্যায়ন এবং নিয়মিত সরকারি তদারকির বিষয়টি এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। ফলে প্রায়ই দুর্ঘটনার খবর সামনে আসছে।

সচেতন মহলের দাবি, পর্যটকদের জীবন রক্ষায় প্যারাসেইলিংসহ সব ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস পরিচালনায় কঠোর নীতিমালা বাস্তবায়ন, নিয়মিত মনিটরিং এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। অন্যথায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ভবিষ্যতেও পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা থেকে যাবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *