বাগেরহাটে মুক্তিপ্রাপ্ত পাঁচ বন্দিকে পুনর্বাসনে সেলাই মেশিন ও ভ্যানগাড়ি প্রদান
সোহেল রানা বাবু , বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে মুক্তিপ্রাপ্ত পাচ বন্দির পুনর্বাসনে সেলাই মেশিন, ব্যাটারিচালিত ভ্যানগাড়ি ও শুকনো খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। ২ আগষ্ট রবিবার সকালে বাগেরহাট জেলা কারাগারের প্রধান ফটকে জেলা সমাজসেবা অধিদপ্তর ও বাগেরহাট জেলা কারাগারের সার্বিক সহযোগিতায় জেলা প্রবেশন অফিস এবং জেলা অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।
দীর্ঘ বছর কারাভোগের পর মুক্তিপ্রাপ্ত বন্দিদের পুনর্বাসন অনুষ্ঠানে বাগেরহাটের মোংলা উপজেলার জালাল শেখকে একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি, কচুয়া উপজেলার আকলিমা বেগম, মোরেলগঞ্জ উপজেলার লাইলী বেগম এবং চিতলমারী উপজেলার আয়েশা আক্তার ও চম্পা রানী পালকে সেলাই মেশিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, কারাগারের জেলার মুহাম্মদ আবু সাদ্দাত, জেলা প্রবেশন অফিসার শেখ সহিদুর রহমানসহ সমাজসেবা অধিদপ্তর, জেলা কারাগার ও জেলা অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তারা মুক্তিপ্রাপ্ত পাচ বন্দিও হাতে উপহার সামগ্রী তুলে দেন।
দীর্ঘ বছর কারাভোগের পর মুক্তিপ্রাপ্ত বন্দি জালাল শেখ জানান, দীর্ঘ ২৩ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছি। মুক্তির পর আজ একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি পেয়েছি। এটি চালিয়ে সৎভাবে জীবিকা নির্বাহ করতে পারব। এজন্য সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ।
অপর মুক্তিপ্রাপ্ত বন্দি আকলিমা বেগম জানান, আমি ২৬ বছর কারাভোগ করেছি। একই মামলায় আমার স্বামীও কারাগারে ছিলেন এবং ২০০৬ সালে কারাগারেই মারা যান। কারাগারে থাকাকালে দর্জির কাজ শিখেছি। মুক্তির পর একটি সেলাই মেশিন পেয়েছি। এটি দিয়ে সৎভাবে কাজ করে জীবিকা নির্বাহ করতে পারব।
বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, পাপকে ঘৃণা করতে হবে, পাপীকে নয়। সাজাভোগ শেষে এসব মুক্তিপ্রাপ্তরা সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে পুনর্বাসন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ##
