মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে করলেন ওয়াং জিয়াওপাং

বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ পঠিত: ২২ বার

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে সানজিদা আক্তার নামে এক তরুণীকে বিয়ে করেছেন চীনা নাগরিক ওয়াং জিয়াওপাং।

সানজিদা আক্তার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের হাজীনগর এলাকার মৃত কবির হোসেনের মেয়ে। পরিবার জানায়, পরিচয়ের পর অল্প সময়ের মধ্যেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে বাংলাদেশে এসে গত ২৭ জুলাই মেয়ের পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

সানজিদা আক্তার জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়। এরপর বিয়ের সিদ্ধান্ত নেন তারা। বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করার পর শুভ ইসলামকে বিয়ে করেন তিনি।

ভবিষ্যতে পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসার ভিত্তিতে সংসার গড়ে তোলার প্রত্যাশার কথাও জানান তিনি।

ওয়াং জিয়াওপাং (বর্তমান নাম শুভ ইসলাম) জানান, বাংলাদেশে এসে তিনি আন্তরিকতা ও পারিবারিক উষ্ণতায় মুগ্ধ হয়েছেন। ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত তিনি স্বেচ্ছায় নিয়েছেন। স্ত্রীকে নিয়ে সুখী জীবন গড়তে চান।
সানজিদার মা নাসীমা বেগম জানান, মেয়ের সুখের কথা বিবেচনা করেই তারা বিয়েতে সম্মতি দিয়েছেন। তার বিশ্বাস, পারস্পরিক সহযোগিতায় তাদের সংসার সুন্দরভাবে এগিয়ে যাবে।

ফুফু শাহীনুর বেগম বলেন, শুরুতে কিছুটা সংশয় থাকলেও ছেলেটির আচরণ ও আন্তরিকতায় পরিবারের সদস্যরা সন্তুষ্ট।

পরিবারের সদস্যরা জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সানজিদাকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে জামাইয়ের।

এদিকে চীনা যুবককে একনজর দেখতে এবং তার সঙ্গে ছবি তুলে ফেসবুকে শেয়ার করতে স্থানীয় উৎসুক জনতা প্রতিনিয়ত সানজিদার বাড়িতে ভিড় জমাচ্ছেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *