যশোরে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগের ৭ নেতাকর্মী কারাগারে
যশোর অফিস
যশোরে নাশকতা, বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলায় আওয়ামী লীগের আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন মুড়লী এলাকার মো. আবু বকর সিদ্দিক (৩৬), মনিরুজ্জামান মনি, পোস্ট অফিস পাড়ার সবুজ সলেমান, চৌগাছার আশরাফুল ইসলাম (৪৩), শেখ মামুন (৪৬), শেখ রুবেল (৩৩) ও আসাদুজ্জামান (৫২)।
পুলিশ জানায়, আশরাফুল ইসলামের বিরুদ্ধে ২০২৫ সালের ১১ নভেম্বর যশোর-মাগুরা মহাসড়কে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে ২০২৪ সালের ১৯ নভেম্বর বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকায় সংঘটিত নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া মনিরুজ্জামান মনি ও সবুজ সলেমানকেও পৃথক নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, গত ৩১ জুলাই রামনগর এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মশাল মিছিল ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শেখ মামুন, শেখ রুবেল ও আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৫ আগস্ট) দিবাগত রাতে পুরাতন কসবা ও বানিয়ারগাতী এলাকা থেকে তাদের আটক করা হয়।
