শিগগিরই ঢাকা-কলকাতা ট্রেনে টুরিস্ট ভিসা চালুর উদ্যোগ
স্টাফ রিপোর্টার, রাহাত হোসেন
বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি সারদার নুরুল আমিন যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেছেন।
শনিবার (৮ আগস্ট ২০২৬) সকাল ১১টার দিকে তিনি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন কার্যালয়ে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “খুব অল্প সময়ের মধ্যেই টুরিস্ট ভিসা চালুর বিষয়টি বাস্তবায়নের দিকে এগোচ্ছে। বেনাপোল সীমান্ত দিয়ে যাতায়াতকারী যাত্রীরা যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই চলাচল করতে পারেন, সে জন্য আমরা সর্বাত্মকভাবে কাজ করছি।”
তিনি আরও বলেন, “আমি রেলের মহাপরিচালকের সঙ্গে কথা বলব, যাতে ঢাকা থেকে বেনাপোল হয়ে সরাসরি কলকাতায় ট্রেন চলাচলের ব্যবস্থা দ্রুত করা যায়। এই সংযোগ চালু হলে দুই দেশের মানুষের যাতায়াত, পর্যটন এবং ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে।”
সর্দার নুরুল আমিন আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার আন্তঃযোগাযোগ, অর্থনৈতিক সম্পর্ক এবং সীমান্তভিত্তিক বাণিজ্য আরও শক্তিশালী হবে। তিনি বলেন, “দুই দেশের মানুষের চলাচল সহজ করা এবং বাণিজ্যিক কার্যক্রমকে আরও গতিশীল করাই আমাদের লক্ষ্য। খুব শিগগিরই এর ইতিবাচক ফল মানুষ দেখতে পাবে।”
এ সময় উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়েদ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শাখাওয়াত হোসেন, নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আরিফ হোসেন, বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান খান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।
