মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

ক্ষেতলালে হাতকড়া পরা অবস্থায় সৎ মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১৭ বার

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলালে দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে সৎ মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম। এ সময় তাঁর হাতে হাতকড়া ছিল। হাতকড়া পরা অবস্থায় জানাজায় অংশ নেওয়ার ছবি ও ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

 

রাশেদুল ইসলাম ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের চৌমুনী বাজার এলাকার ধনতলা গ্রামের প্রয়াত শামসুদ্দীনের ছেলে। তিনি জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া নাশকতার একটি মামলায় গ্রেপ্তার হয়ে গত ২২ আগস্ট থেকে কারাগারে রয়েছেন তিনি।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, স্ট্রোকজনিত কারণে রাশেদুল ইসলামের সৎ মা রহিমা বিবি (৯৫) মারা যান। পরিবারের কাছে তিনি ‘বড় মা’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে রাশেদুলের প্যারোলে মুক্তির আবেদন করা হয়।

 

আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের জন্য তাঁকে প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়। মঙ্গলবার পুলিশি প্রহরায় তিনি প্রথমে নিজ বাড়িতে যান। সেখানে হাতকড়া পরা অবস্থায় বড় মায়ের মরদেহের পাশে কিছু সময় অবস্থান করেন। পরে একই অবস্থায় জানাজা ও দাফনে অংশ নেন। দাফন শেষে পুলিশ তাঁকে আবার কারাগারে নিয়ে যায়।

 

এ বিষয়ে জয়পুরহাট কারাগারের জেলার তোফায়েল আহাম্মেদ খাঁন বলেন, সৎ মায়ের মৃত্যুর কারণে রাশেদুল ইসলামকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। মঙ্গলবার দুপুর সোয়া দুইটায় তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। প্যারোলের সময় শেষ হলে বিকেল সোয়া চারটায় তাঁকে আবার কারাগারে নেওয়া হয়।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *