ক্ষেতলালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে প্রতিমন্ত্রী বারী
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলালে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫ টার সময় উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত র্যালিতে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বারী।
র্যালিটি ক্ষেতলাল উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্ব বাজারের গোল চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় নেতা-কর্মীরা দলীয় পতাকা হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
র্যালিতে উপজেলা বিএনপির নেতাদের পাশাপাশি পাঁচ ইউনিয়ন ও পৌর বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীরা বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক নিয়ে দলে দলে অংশ নেন। ফলে র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণকালে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। র্যালি শেষে পূর্ব বাজারের গোল চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,
প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
এসময় আব্দুল বারী তার বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ও ১৭ বছরের ত্যাগ-সংগ্রামের কথা তুলে ধরেন। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে নেতা-কর্মীদের দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, দেশের মানুষের অধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
আব্দুল বারী আরও বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সরকারের নেওয়া উদ্যোগগুলো বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে বিএনপির নেতা-কর্মীদের জনগণের পাশে থেকে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থ, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম, সহ সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক প্রভাষক নাফিউল হাদি মিঠু ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেওয়ান হাসান, সদস্যসচিব রাশেদ ইসলাম।
এছাও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তারেক আল মামুন, সাবেক পৌর কাউন্সিলর ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন সরদার, সাবেক ছাত্রদল সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর সেলিম হোসেনসহ উপজেলা, পৌরসভা ও পাঁচ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এর আগে সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় বিপুলসংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে দিনভর দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
