মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

সোনাতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১৩ বার

রেজাউল করিম মানিক, সোনাতলা:-বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বগুড়ার সোনাতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।বৃহস্পতিবার (৩রা সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে শহীদ সৈকত চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা,পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন বিএনপি,পৌর বিএনপি ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দেন। পরে বিএনপির নেতাকর্মী ও মহিলা দলের নেত্রীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।বাদ্যযন্ত্রের তালে তালে নেতাকর্মীদের নাচ-গান ও স্লোগানে র‍্যালিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সুসজ্জিত র‍্যালি দেখতে পৌর শহরের রাস্তার দুই পাশে উৎসুক জনতার ভিড় জমে।র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির।তিনি বলেন, বিএনপি দেশের একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। বক্তব্যে তিনি আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করেন।

তিনি দাবি করেন, আওয়ামী লীগের অত্যাচার-নির্যাতন এতটাই বেড়েছিল যে,তারা মাত্র ৪৫ মিনিটের মধ্যে দেশ ছাড়তে বাধ্য হয়েছে।
আওয়ামী লীগ প্রধানের দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন,আপা আপনার ঘোষণা অনুযায়ী ডিসেম্বর মাসে দেশে আসবেন তো? আসার সময় দুলাভাইকেও সঙ্গে আনবেন।তিনি আরও বলেন,দলের ভেতরে হাইব্রিড নেতার জন্ম হয়েছে। তাদের কর্মকাণ্ডের কারণে একসময় ১৯ দিন ট্রেন চলাচল বন্ধ ছিল বলেও তিনি অভিযোগ করেন। দলের সুনাম নষ্টকারীদের কোনোভাবেই ক্ষমা করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।আগামী স্থানীয় সরকার নির্বাচনে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে উল্লেখ করে একেএম আহসানুল তৈয়ব জাকির বলেন,দলের দুঃসময়ে যারা মাঠে ছিলেন,তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছেন। পাশাপাশি দেশের রাস্তাঘাটের উন্নয়নও শুরু হয়েছে। বিশেষ করে বগুড়ায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও আধুনিক বিমানবন্দর নির্মাণের কার্যক্রমও এগিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।এসময় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *