যশোরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
যশোর অফিস
যশোরের অভয়নগর উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১১টায় যশোর-খুলনা মহাসড়কের উড়োতলা এলাকার মজুমদার ব্রাণ অয়েল মিলের এর সামনে এদুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন আমজেদ গাজী। তিনি অভয়নগর উপজেলার মশরহাটী এলাকার হাকিম গাজীর ছেলে। অপরজনের পরিচয় এখন ও জানা যায়নি।
অভয়নগর থানার ওসি এস এম নূরুজ্জামান জানান, আজ শুক্রবার সকাল ১১টার পর খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস অভয়নগরের মজুমদার মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলসহ দুই আরোহী বাসের সামনে আটকে যাওয়ায় প্রায় আধা কিলোমিটার টেনে হিঁচড়ে নিয়ে যায়। পরে বাসটি থামলে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই আরোহীকে বাসের নিচ থেকে উদ্ধার করেন। এরপর তাদের দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আমজেদ গাজীকে মৃত ঘোষণা করেন। অপর আরোহীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
