মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন ১৯ সেপ্টেম্বর

রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ৭ বার
প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ ঘিরে জমে উঠেছে নির্বাচনী আমেজ। নির্ধারিত সময়সূচি অনুযায়ী রোববার (৬ সেপ্টেম্বর) প্রেসক্লাবের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র গ্রহণ করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সদস্য সচিব অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল।
এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে সভাপতি পদকে ঘিরে। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রবীণ সাংবাদিক ও দৈনিক প্রভাত ফেরীর সম্পাদক ফকির শওকত এবং দৈনিক যশোরের প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন। ফলে সভাপতি পদে দুই অভিজ্ঞ সাংবাদিকের প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনী মাঠে বাড়তি উত্তাপ তৈরি হয়েছে।
সহ-সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন। এ দুটি পদে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন নূর ইসলাম, জুয়েল মৃধা ও ওয়াহাবুজ্জামান ঝন্টু। এ পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হওয়ায় নির্বাচনকে ঘিরে সদস্যদের মধ্যে বিশেষ আগ্রহ দেখা দিয়েছে।
যুগ্ম সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ পদে আর কোনো প্রার্থী না থাকায় তারাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।
এদিকে কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তৌহিদ মনি একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে এ দুটি পদেও তাদের নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত।
সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন দেওয়ান মোর্শেদ আলম ও সাইফুর রহমান সাইফ।
সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আব্দুল ওহাব মুকুল, শহিদ জয়, তৌহিদ জামান, রফিকুল ইসলাম, মুরশিদুল আজিম হিরু, গালিব হাসান পিল্টু, এস.এম. সোহেল এবং সাফিকুল আলম (সাফিক সাঈদ)।
মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে প্রেসক্লাব যশোরের নির্বাচনী কার্যক্রমে নতুন গতি এসেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ যেসব পদে একাধিক প্রার্থী রয়েছেন, সেসব পদে ভোটারদের মধ্যে ইতোমধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ। প্রার্থীরাও সদস্যদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন।
প্রেসক্লাব যশোরের সদস্যরা আশা করছেন, পারস্পরিক সৌহার্দ্য, পেশাদারিত্ব ও গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা কমিটি প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে প্রেসক্লাবজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *