রাজবাড়ীর পাংশাতে অস্ত্রসহ গ্রেপ্তার ২
রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মৃত মতিয়ার মিয়ার ছেলে মো. মনজুর মিয়া ওরফে মঞ্জু (৪০) এবং বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে মো. শরীফ মোল্লা (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত দেড়টার দিকে হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী এলাকায় মো. তালেব মহুরির মেহগনি বাগানের উত্তর পাশে কালুখালী-হাবাসপুর বেড়িবাঁধের পাকা সড়কে অভিযান চালায় পাংশা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরে করেছে পুলিশ।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, মনজুর মিয়া ওরফে মঞ্জুর বিরুদ্ধে দুটি হত্যা, একটি অপহরণ ও চাঁদাবাজি, একটি ডাকাতির প্রস্তুতি এবং দুটি মারামারির মামলা রয়েছে। অপরদিকে, শরীফ মোল্লার বিরুদ্ধে একটি দস্যুতা এবং পুলিশকে আক্রমণের অভিযোগে তিনটি মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের দুজনকেই রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
