মূল কন্টেন্টে যান
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

২ হাজার ২০০ বছর পরও পাত্রে তরল পানীয়, অবাক গবেষকেরা

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ৩ বার

মাটির নিচে প্রায় ২ হাজার ২০০ বছর ধরে পড়ে ছিল একটি ব্রোঞ্জের পাত্র। প্রত্নতাত্ত্বিকেরা সেই পাত্র উদ্ধার করে খুলতেই দেখা যায়, ভেতরে এখনও রয়েছে প্রায় ৩ দশমিক ৭৪ লিটার তরল। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর গবেষকদের ধারণা, এটি প্রাচীনকালের শস্যভিত্তিক অ্যালকোহলযুক্ত পানীয়।

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের নিংজিয়া হুই এলাকায় একটি প্রাচীন সমাধি থেকে পাত্রটি উদ্ধার করা হয়। ওই এলাকায় প্রত্নতাত্ত্বিকেরা মোট ১৮৩টি সমাধি খনন করেছেন। গবেষকদের ধারণা, এর অধিকাংশই প্রাচীন কুইন জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত।

উদ্ধার হওয়া ব্রোঞ্জের পাত্রটির মুখ দেখতে অনেকটা রসুনের মাথার মতো। পাত্রের ভেতরের তরল নিয়ে রাসায়নিক ও আণুবীক্ষণিক পরীক্ষা চালান গবেষকেরা। পরীক্ষায় বাজরা ও গমজাতীয় শস্য, মাড়ের দানা এবং ইস্টের চিহ্ন পাওয়া গেছে।

তবে শুধু পাত্রের ভেতরে তরল পাওয়া গেলেই সেটিকে প্রাচীন পানীয় হিসেবে নিশ্চিত করা যায় না। দীর্ঘ সময় মাটির নিচে থাকার কারণে ভূগর্ভস্থ পানি কিংবা অন্য কোনো তরল পাত্রে ঢুকে থাকতে পারে। সেই সম্ভাবনা যাচাই করতেই বিস্তারিত পরীক্ষা চালানো হয়।

পরীক্ষার ফল বিশ্লেষণ করে গবেষকদের ধারণা, এটি ফলের তৈরি ওয়াইন নয়। বরং শস্য থেকে তৈরি এক ধরনের অ্যালকোহলযুক্ত পানীয়। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো দুই হাজার বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও পাত্রটির ভেতরের তরল সম্পূর্ণ শুকিয়ে যায়নি।

গবেষকদের মতে, পাত্রের মুখ কাপড়জাতীয় উপাদান, কাদা ও জৈব পদার্থ দিয়ে একাধিক স্তরে শক্তভাবে বন্ধ করা হয়েছিল। পাশাপাশি ওই এলাকার শুষ্ক পরিবেশও তরলটি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকতে পারে।

এই আবিষ্কার থেকে প্রাচীন চীনের কুইন সমাজে শস্য নির্বাচন, পানীয় তৈরির প্রক্রিয়া এবং সংরক্ষণ প্রযুক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। গবেষকদের কাছে প্রায় ২ হাজার ২০০ বছরের পুরনো এই পাত্র তাই শুধু একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয় বরং প্রাচীন এক হারিয়ে যাওয়া ব্রুইং পদ্ধতির গুরুত্বপূর্ণ রাসায়নিক দলিল।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *