কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:- ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা সুস্থ ও সুন্দর জীবনের অন্যতম শর্ত’—এমন প্রত্যয়কে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় কলারোয়া উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। পরবর্তীতে কলারোয়া উপজেলায় আনুষ্ঠানিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রইস উদ্দিন, কয়লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাকিব মোল্লা, কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মো. শফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিষ্ঠানপ্রধানরা। এছাড়া স্কাউটের সাধারণ সম্পাদক মাস্টার মনুর রহমানের নেতৃত্বে স্কাউটের ছাত্র-ছাত্রীরাও কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, শুধু সরকারি উদ্যোগ নয়, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সমাজের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে কলারোয়াকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
