গাজীপুরে বাসায় ঢুকে নারীকে বুকে ছুরিকাঘাত করে হত্যা
মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর প্রতিনিধি:- গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ আতাউর মার্কেট এলাকায় এক তরুণীকে ঘরে ঢুকে বুকে ছুরিকাঘাত করে হত্যা করেছে এক অজ্ঞাত যুবক। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে এ নির্মম ঘটনাটি ঘটে।
নিহত তরুণীর নাম সানজিদা আক্তার (২৩)। তিনি বরিশালের কোতোয়ালি থানা এলাকার শাজাহান হাওলাদারের মেয়ে এবং আমবাগ আতাউর মার্কেট এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সানজিদা আক্তারের ভাড়া বাসায় হঠাৎ এক যুবক প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই উক্ত যুবক সানজিদার বুকে অতর্কিতে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার রওয়ানা দেয়, তবে পথেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অপরাধীকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
