যশোরে অচেতন করে ৪ ভরি সোনার গহনা, ১০ লাখ টাকা লুটের অভিযোগ
যশোর শহরের মুড়লী মোড় এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারের তিন সদস্যকে অচেতন করে ৪ ভরি সোনা ও নগদ ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে।
ভুক্তভোগী শাহরিয়ার ইমতিয়াজ (৪৫), তার স্ত্রী লিমা খানম (৩৪) ও ছেলে মাসুদ (৭)। শাহরিয়ার ইমতিয়াজ নড়াইলের নড়াগাতী থানার কাঠাদুয়া গ্রামের মৃত শাহাদত মোল্লার ছেলে। বর্তমানে তারা যশোরের মুড়লী মোড় এলাকায় মোকাররমের বাসায় ভাড়া থাকেন।
ভুক্তভোগীদের দাবি, শনিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর অজ্ঞাত ব্যক্তিরা তাদের অচেতন করে ঘরের বক্স ভেঙে স্বর্ণ ও টাকা নিয়ে পালিয়ে যায়। ভোর ৪টার দিকে বিষয়টি জানতে পারেন তারা। পরে সকালে জ্ঞান ফিরলে স্থানীয়রা তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে তিনজনই হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন,এ বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।
