ফুলবাড়ীতে সমৃদ্ধি যুব মহিলা সমবায় সমিতির উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও সনদ বিতরণ
জাহাঙ্গীর হোসেন ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:- ‘সমৃদ্ধির পথে নারীর শক্তি, একতা ও সততার প্রতীক’—এই প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে স্থানীয় নারী উদ্যোক্তাদের সংগঠন সমৃদ্ধি যুব মহিলা সমবায় সমিতি সদস্যদের উৎপাদিত পণ্য প্রদর্শনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে সমৃদ্ধি যুব মহিলা সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এ পণ্য প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান।
উপজেলা সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছানের সভাপতিত্বে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পণ্য প্রদর্শনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা হরে কৃষ্ণ বর্মন, ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমৃদ্ধি যুব মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নুসরাত জাহান।
সমবায় সমিতিটির ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন সহ সভাপতি শিরিন আক্তার শাপলা, সাধারণ সম্পাদক ফারজানা মিলি সহ সংগঠনটির বিভিন্ন সদস্য।
পণ্য প্রদর্শনীতে স্থানীয় নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়। অনুষ্ঠানকে ঘিরে নারী উদ্যোক্তা ও অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীদের আত্মনির্ভরশীলতা, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক অংশগ্রহণ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণেও এ ধরনের উদ্যোগ সহায়ক হবে।
