মূল কন্টেন্টে যান
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ

অপ্রতিম হত্যার বিচার ও শিশুদের নিরাপত্তার দাবিতে যশোরে এনসিপির বিক্ষোভ

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১ বার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার ১৩ বছর বয়সী সন্তান অপ্রতিম হত্যার বিচার, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখা।
রোববার বিকেলে যশোরের জুলাই স্মৃতিস্তম্ভ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। জেলা এনসিপির নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা এনসিপির আহ্বায়ক নুরুজ্জামান বলেন, মাত্র ১৩ বছরের একটি শিশুর মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। তিনি অপ্রতিমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান। কোনো ধরনের প্রভাব, পক্ষপাত বা গাফিলতি যেন তদন্তকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি।
জেলা সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডে সবাই গভীরভাবে ব্যথিত। একটি শিশুর জীবন এভাবে ঝরে যাওয়া অত্যন্ত মর্মান্তিক। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিশুদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মিছিলে নেতৃত্ব দেন জেলা এনসিপির আহ্বায়ক নুরুজ্জামান, সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ ও সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার আশা।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নাদিম, ইউসুপ আলী রিপন ও জয়া জাকির, যুগ্ম সদস্য সচিব ফরহাদ হোসেন ও মারুফ হাসান সুকর্ণ, সহ-সাংগঠনিক সম্পাদক বিএম আকাশ, দপ্তর সম্পাদক তপু ইসলাম, প্রচার সম্পাদক ফাহিম আল ফাত্তাহসহ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ থেকে অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দায়ীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত এবং শিশুদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *