ক্ষেতলালে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
জয়পুরহাটের ক্ষেতলালে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিনাই গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. মিজানুর রহমান (৪৫)। তিনি বিনাই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও আদালতের নথি সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় মিজানুর রহমানের বিরুদ্ধে একটি মামলা হয়। মামলাটিতে আদালত তাঁকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ক্ষেতলাল থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুল আলম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান চলবে।
