মূল কন্টেন্টে যান
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ

বাংলাদেশ -জাপান উভয় দেশের ইতিহাস ও ঐতিহ্যের চমৎকার মিল রয়েছে- সংস্কৃতিমন্ত্রী

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১ বার

বিশেষ প্রতিনিধি:- সাত বছর পর ঢাকায় অনুষ্ঠিত হলো ‘জাপান ফেস্টিভ্যাল ২০২৬’। জাপান দূতাবাসের উদ্যোগে এবং বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ উৎসবের আয়োজন করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী বলেন, ‘বাংলাদেশ ও জাপান-উভয় দেশের ইতিহাস ও ঐতিহ্যের কথা বলতে গেলে ঐতিহাসিকভাবে দুই দেশের ঐতিহ্য ও সংস্কৃতির মধ্যে চমৎকার মিল রয়েছে। আমরা সবসময় জাপানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক আরও জোরদার করতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি।

তিনি বলেন, ‘বাংলাদেশ ও জাপান অবশ্যই খুব ভালো বন্ধু। আমরা সবসময় জাপানি ঐতিহ্য ও তাদের ঐতিহাসিক উন্নয়নকে অনুসরণ করব।

জাপান একটি অত্যন্ত উজ্জ্বল ও গর্বিত দেশ। আমরা জাপানি জনগণের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করি।

উদ্বোধনী অনুষ্ঠানের পর দর্শনার্থীরা জাপানের ঐতিহ্যবাহী ও সমকালীন সংস্কৃতির নানা পরিবেশনা উপভোগ করেন। অনুষ্ঠানে কারাতে ও কেনদোসহ জাপানি ঐতিহ্যবাহী মার্শাল আর্ট প্রদর্শন করা হয়।

এ ছাড়া জাপানি সংগীত জুটি ‘বাজনা বিট’ বাংলাদেশের শিল্পীদের সঙ্গে যৌথ পরিবেশনায় অংশ নেয়। পরে ঐতিহ্যবাহী জাপানি নৃত্যশিল্পী সেনজু এইনোজোর মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়।

উৎসবে আগত দর্শনার্থীরা জাপানি সংস্কৃতির বিভিন্ন অভিজ্ঞতায় অংশ নেওয়ার সুযোগ পান। এর মধ্যে ছিল সাদো বা ঐতিহ্যবাহী চা অনুষ্ঠান, ঐতিহ্যবাহী শিল্পকলা, বনসাই ও ইকেবানা প্রদর্শনী। পাশাপাশি দূতাবাসের শেফদের প্রস্তুত করা বিভিন্ন জাপানি খাবারের স্বাদ নেওয়ার সুযোগও ছিল।

এ ছাড়া জাপানে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কেও শিক্ষার্থীদের পরামর্শ দেওয়ার ব্যবস্থা রাখা হয়।

এছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসের এম্বাসেডর ও কূটনীতিক প্রতিনিধি।

আয়োজকরা জানান, ‘জাপান ফেস্টিভ্যাল ২০২৬’ বাংলাদেশের মানুষের সামনে জাপানের বৈচিত্র্যময় ও সমৃদ্ধ সংস্কৃতিকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *