মূল কন্টেন্টে যান
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ

যশোরের মা-শিশু কল্যাণ কেন্দ্রকে ৫০ শয্যার হাসপাতালে উন্নীত হবে: প্রতিমন্ত্রী অমিত

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১ বার
যশোরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ধাপে ধাপে ৫০ শয্যার হাসপাতালে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বর্তমানে ২০ শয্যার এ প্রতিষ্ঠানটি প্রথম ধাপে ৩০ শয্যায় উন্নীত করা হবে। পরবর্তী সময়ে তা ৫০ শয্যার হাসপাতালে রূপান্তর করা হবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সিজারিয়ান সেকশন সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পরিবার পরিকল্পনা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ কেন্দ্রের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো ও সেবার পরিধি বাড়ানো হবে।
তিনি আরও বলেন, ২০২৮ সালের জুনের মধ্যে মা ও শিশু কল্যাণ কেন্দ্র চত্বরে নয়তলা ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ-সংক্রান্ত প্রকল্প বর্তমানে একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি অনুমোদন করিয়ে বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শুধু ভবন নির্মাণ বা শয্যা বাড়ালেই হবে না, এর সঙ্গে চিকিৎসাসেবার মানও নিশ্চিত করতে হবে। এখানে চিকিৎসা নিতে আসা মা ও শিশুদের নিরাপদ, মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা পাওয়ার অধিকার রয়েছে। চিকিৎসকদেরও যথাযথ দায়িত্বশীলতার সঙ্গে সেবা দিতে হবে।
সিজারিয়ান সেকশন সেবা চালুর বিষয়ে তিনি বলেন, আগে এ কেন্দ্রে সিজারিয়ান অপারেশন ও ধাত্রীসেবার সুযোগ ছিল না। নতুন করে সিজারিয়ান সেবা চালুর ফলে প্রসূতি মায়েদের চিকিৎসা পাওয়ার সুযোগ আরও সহজ হবে এবং সেবার পরিধিও বাড়বে।
তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম ও নিয়মিত সেবা নিশ্চিত করা জরুরি। সেবা নিতে আসা মানুষ যাতে হয়রানি বা অবহেলার শিকার না হন, সেদিকেও সংশ্লিষ্টদের নজর রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন। স্বাগত বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক দিলদার হোসেন।
অনুষ্ঠানে বক্তারা মা ও শিশুদের স্বাস্থ্যসেবায় পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন কার্যক্রম এবং যশোরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবার পরিধি বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
এর আগে প্রতিমন্ত্রী যশোর নগর বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। পরে তিনি যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডকোলজিস্ট অ্যাপের উদ্বোধন করেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *