চৌগাছায় গোয়ালঘর থেকে কেয়ারটেকারের মরদেহ উদ্ধার
যশোরের চৌগাছায় একটি গরুর ফার্মের গোয়ালঘর থেকে গোলাম রসুল (৬০) নামে এক কেয়ারটেকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৬ মিনিটের দিকে চৌগাছা পৌরসভার ডাক্তার আনিসুজ্জামান হাসপাতালের সামনে যশোর-চৌগাছা সড়কের পাশে একটি গরুর ফার্মের গোয়ালঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গোলাম রসুল চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের মৃত তজিবর মোল্লার ছেলে। তিনি ওই গরুর ফার্মে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শারীরিক অসুস্থতা নিয়েই প্রতিদিনের মতো গরুর ফার্মে কাজে আসেন গোলাম রসুল। কাজ শেষে তিনি বাড়ি ফিরে না যাওয়ায় শুক্রবার সকালে তাঁর ছেলে আল আমিন বাবার খোঁজে ফার্মে যান। সেখানে গোয়ালঘরের মেঝেতে বাবাকে চিৎ অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি বিষয়টি ফার্মের মালিকসহ পুলিশকে জানান।
খবর পেয়ে চৌগাছা থানার এসআই বেলাল হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
