বাগেরহাটে কওমি মাদরাসায় কিরাত ও হিফজ প্রশিক্ষণ, অংশ নিচ্ছেন সাত শতাধিক শিক্ষক ও হাফেজ শিক্ষার্থী
সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া এলাকার জামিয়া ইসলামিয়া ওমর আহমদ (কওমি মাদরাসা)-য় ছয় দিনব্যাপী কিরাত ও হিফজ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। গত ১ আগস্ট শুরু হওয়া এ প্রশিক্ষণ আগামী ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
আয়োজক সূত্রে জানা গেছে, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন কওমি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৭০০ জন শিক্ষক এ প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করছেন। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১৫০ জন হাফেজ শিক্ষার্থী কিরাত ও হিফজের উন্নত প্রশিক্ষণ গ্রহণ করছেন।
শায়েখ ক্বারী আব্দুল হক (ঢাকা), আবু সালেহ মুহাম্মাদ মুসা (ময়মনসিংহ), তাওহীদুল ইসলাম, আবুল খায়ের ও মুস্তাকিম বিল্লাহ সহ দেশের খ্যাতিমান ক্বারী ও আলেমগন প্রশিক্ষণ পরিচালনা করছেন। তাঁরা কুরআন তিলাওয়াতের শুদ্ধ উচ্চারণ, বিভিন্ন কিরাতের নিয়ম-কানুন এবং হিফজের মানোন্নয়নে হাতে-কলমে প্রশিক্ষণ দিচ্ছেন।
কেন্দ্রীয় প্রশিক্ষক আবু সালেহ মুহাম্মাদ মুসা বলেন, যারা কুরআন নিয়ে কাজ করেন, তাঁদের তিলাওয়াত শুদ্ধ ও সুন্দর হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই আমরা নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করি। বাংলাদেশের হাফেজগন আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করছেন। এ ধারা অব্যাহত রাখতে কুরআন শিক্ষার মান আরও উন্নত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
শিক্ষক মাওলানা আহমাদ মূসা বলেন, আমাদের লক্ষ্য শুধু হাফেজ তৈরি করা নয়, বরং শুদ্ধ তিলাওয়াত, উত্তম আখলাক ও ইসলামী আদর্শে আলোকিত মানুষ গড়ে তোলা। আধুনিক সুযোগ-সুবিধার পাশাপাশি কুরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ এই প্রশিক্ষণকে আরও ফলপ্রসূ করেছে। ভবিষ্যতেও কুরআনের খেদমতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি হিফজুল কুরআন, কিরাতুল কুরআন ও কিতাব বিভাগে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এখানে মাদানী নেসাব ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিলেবাস অনুযায়ী পাঠদান করা হয়। প্রতি বছর শাওয়াল মাসে নতুন হিফজ শিক্ষার্থীদের মাদানী নেসাবে ভর্তি করা হয়।
প্রতিষ্ঠানটির পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও সবুজ-শ্যামল পরিবেশ শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষার আবহ তৈরি করেছে। চারপাশের নীরব ও মনোরম পরিবেশে ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
মাদরাসাটি বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের কালদিয়া এলাকায় অবস্থিত। ২০১৬ সালে ওমর ফারুক (দীপু) প্রতিষ্ঠানটির ভিত্তি স্থাপন করেন। বর্তমানে মাওলানা আহমাদ মূসার তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি হিফজ, কিরাত ও কিতাব বিভাগে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
