মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

বাগেরহাটে কওমি মাদরাসায় কিরাত ও হিফজ প্রশিক্ষণ, অংশ নিচ্ছেন সাত শতাধিক শিক্ষক ও হাফেজ শিক্ষার্থী

বুধবার, ৫ আগস্ট ২০২৬ পঠিত: ২৪ বার

‎সোহেল রানা বাবু, ‎বাগেরহাট প্রতিনিধিঃ

‎বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া এলাকার জামিয়া ইসলামিয়া ওমর আহমদ (কওমি মাদরাসা)-য় ছয় দিনব্যাপী কিরাত ও হিফজ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। গত ১ আগস্ট শুরু হওয়া এ প্রশিক্ষণ আগামী ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

‎আয়োজক সূত্রে জানা গেছে, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন কওমি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৭০০ জন শিক্ষক এ প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করছেন। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১৫০ জন হাফেজ শিক্ষার্থী কিরাত ও হিফজের উন্নত প্রশিক্ষণ গ্রহণ করছেন।
‎ শায়েখ ক্বারী আব্দুল হক (ঢাকা), আবু সালেহ মুহাম্মাদ মুসা (ময়মনসিংহ), তাওহীদুল ইসলাম, আবুল খায়ের ও মুস্তাকিম বিল্লাহ সহ দেশের খ্যাতিমান ক্বারী ও আলেমগন প্রশিক্ষণ পরিচালনা করছেন। তাঁরা কুরআন তিলাওয়াতের শুদ্ধ উচ্চারণ, বিভিন্ন কিরাতের নিয়ম-কানুন এবং হিফজের মানোন্নয়নে হাতে-কলমে প্রশিক্ষণ দিচ্ছেন।

‎কেন্দ্রীয় প্রশিক্ষক আবু সালেহ মুহাম্মাদ মুসা বলেন, যারা কুরআন নিয়ে কাজ করেন, তাঁদের তিলাওয়াত শুদ্ধ ও সুন্দর হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই আমরা নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করি। বাংলাদেশের হাফেজগন আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করছেন। এ ধারা অব্যাহত রাখতে কুরআন শিক্ষার মান আরও উন্নত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

‎ শিক্ষক মাওলানা আহমাদ মূসা বলেন, আমাদের লক্ষ্য শুধু হাফেজ তৈরি করা নয়, বরং শুদ্ধ তিলাওয়াত, উত্তম আখলাক ও ইসলামী আদর্শে আলোকিত মানুষ গড়ে তোলা। আধুনিক সুযোগ-সুবিধার পাশাপাশি কুরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ এই প্রশিক্ষণকে আরও ফলপ্রসূ করেছে। ভবিষ্যতেও কুরআনের খেদমতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

‎মাদরাসা কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি হিফজুল কুরআন, কিরাতুল কুরআন ও কিতাব বিভাগে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এখানে মাদানী নেসাব ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিলেবাস অনুযায়ী পাঠদান করা হয়। প্রতি বছর শাওয়াল মাসে নতুন হিফজ শিক্ষার্থীদের মাদানী নেসাবে ভর্তি করা হয়।

‎প্রতিষ্ঠানটির পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও সবুজ-শ্যামল পরিবেশ শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষার আবহ তৈরি করেছে। চারপাশের নীরব ও মনোরম পরিবেশে ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

‎মাদরাসাটি বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের কালদিয়া এলাকায় অবস্থিত। ২০১৬ সালে ওমর ফারুক (দীপু) প্রতিষ্ঠানটির ভিত্তি স্থাপন করেন। বর্তমানে মাওলানা আহমাদ মূসার তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি হিফজ, কিরাত ও কিতাব বিভাগে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *