গাজীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নতুন এসপি
শাহাদত হোসাইন, গাজীপুর প্রতিনিধি:- গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সদ্য যোগদান করা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় গাজীপুর সদরসহ কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলার সাংবাদিকরা অংশ নেন।
মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও যানজটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। পুলিশের কার্যক্রমে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করেন।
তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় থাকলে অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি প্রয়োজনীয় তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান নবাগত এসপি।
সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিষয় মনোযোগ দিয়ে শোনেন পুলিশ সুপার। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম বিপিএমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন ২৫তম বিসিএসের একজন কর্মকর্তা।
