ভৈরবে পুকুরে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
এ জেড আল মুজাহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি:- কিশোরগঞ্জের ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের রাজনগর গ্রামে পুকুরে গোসল করতে নেমে মুহাম্মদ আলভি সাইদ (৮) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলভি শিমুলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাচ্চু মিয়ার নাতি এবং সবুজ মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে আলভি ও তার ভাই বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় একটি বল নিয়ে পুকুরে নামার পর তারা দুজনেই পানিতে তলিয়ে যেতে থাকে। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত উদ্ধারে এগিয়ে আসেন। এ সময় আজমীরকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আলভি পানির নিচে তলিয়ে নিখোঁজ হন।
পরে স্থানীয়রা পুকুরে জাল ফেলে দীর্ঘ প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর আলভিকে উদ্ধার করেন। দ্রুত তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর জানান, পানিতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল, তবে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে।
