মাদক-জুয়ামুক্ত ও আধুনিক পৌরসভা গড়ার অঙ্গীকার বকশীগঞ্জ পৌর বিএনপি নেতা শাকিলের
আল মোজাহিদ বাবু ,বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও আগামী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী সাইফুল ইসলাম তালুকদার শাকিল।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে বকশীগঞ্জ মডেল প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, বকশীগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে হলে প্রথমেই একে মাদক ও জুয়ামুক্ত করতে হবে। তিনি পৌরসভার দীর্ঘদিনের প্রধান সমস্যা পানি নিষ্কাশন ব্যবস্থার টেকসই উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করার বিষয়ে তিনি আলোচনা করেন।
তিনি আরও বলেন, পৌরসভার বিদ্যমান নানা সমস্যা সমাধান ও ভবিষ্যৎ সম্ভাবনার দ্বার উন্মোচনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি আধুনিক ও জনবান্ধব পৌরসভা গঠনে তিনি স্থানীয় সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সাধারণ সম্পাদক আল মুজাহিদ বাবু, সিনিয়র সহসভাপতি আশরাফুল হায়দার, গণকন্ঠ পত্রিকার প্রতিনিধি ইমরান সরকার, সাংবাদিক নাজমুল রানা,শাহনাজ পারভীন, ইমরান আকন্দ, মাহবুবর রহমান, আল আমিন ও বিপুলসহ প্রেসক্লাবের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
