নওগাঁর সাপাহারে বিবাদমান সম্পত্তি নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৩
নওগাঁ প্রতিনিধি:- নওগাঁর সাপাহার উপজেলার ভাবুক গ্রামে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পক্ষের নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাবুক মৌজার ৭২ শতক জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে মৃত তামুজ উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম (৪০) ও জালাল উদ্দীনের ছেলে আইনুল ইসলামের পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।
অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) সাইফুল ইসলামের নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ৩৫-৪০ জন নারী-পুরুষ দেশীয় অস্ত্র নিয়ে বিবাদমান জমিতে প্রবেশ করেন । এ সময় তারা সেখানে থাকা আমগাছ কেটে জমি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। এতে আইনুল পক্ষের বাবুর স্ত্রী নুরজাহান, মৃত ইউসুফের স্ত্রী ফিরুজা এবং ইউসুফের ছেলে মোজাম্মেল গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন । চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা গুরুতর।
অভিযুক্ত সাইফুল ইসলামের বক্তব্য জানতে তার বাড়িতে গিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি । ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে । সাপাহার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
