বাকৃবিতে বিশ্বমানের টিচার্স ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠায় ইউজিসির পরিদর্শন
মীর শুয়াইব ময়মনসিংহ প্রতিনিধি:- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্তৃক একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি (ইউ টিটি এ) প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কর্তৃক প্রস্তাবিত ৫০ একর জমি পরিদর্শন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

পরিদর্শনকালে ইউজিসি চেয়ারম্যান প্রস্তাবিত স্থানের অবস্থান, অবকাঠামোগত সম্ভাবনা এবং একাডেমি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে সম্ভাব্য পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়েও মতবিনিময় করেন।

পরিদর্শনকালে ইউজিসির সাধারণ সেবা ও প্রকৌশল বিভাগ-এর পরিচালক জাফর আহম্মদ জাহাঙ্গীর, উপসহকারী প্রকৌশলী (সিভিল) মোশাররফ হোসেন এবং জনাব শেখ মো. আনিসুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হেলাল উদ্দীন, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মোশাররফ উদ্দিন ভূঞা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থেকে প্রতিনিধিদলকে প্রস্তাবিত জমির বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।

উল্লেখ্য, শিক্ষক প্রশিক্ষণ একাডেমি দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা, গবেষণা সক্ষমতা এবং আধুনিক উচ্চশিক্ষা ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
