সোনাতলা রেলওয়ে স্টেশনে খলিলুর রহমানের বিদায়, নতুন স্টেশন মাস্টার রবিউল ইসলাম
রেজাউল করিম মানিক, সোনাতলা:- দীর্ঘ কর্মজীবনের আন্তরিকতা ও দায়িত্বশীলতার স্বাক্ষর রেখে সোনাতলা রেলওয়ে স্টেশন থেকে বিদায় নিলেন স্টেশন মাস্টার মোঃ খলিলুর রহমান। শনিবার (১লা আগস্ট) ছিল তাঁর সোনাতলা রেলওয়ে স্টেশনে শেষ কর্মদিবস। বদলিজনিত কারণে তিনি বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর রেলওয়ে স্টেশনে যোগদান করেছেন।
জানা যায়, মোঃ খলিলুর রহমান ২০২৪ সালের ২৮ আগস্ট সোনাতলা রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টার হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনকালে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিক আচরণের মাধ্যমে সহকর্মী এবং যাত্রীদের কাছে একজন সজ্জন ও মানবিক কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন।
এদিকে,একই দিনে সুখানপুকুর রেলওয়ে স্টেশন থেকে বদলি হয়ে সোনাতলা রেলওয়ে স্টেশনের নতুন স্টেশন মাস্টার হিসেবে যোগদান করেছেন রবিউল ইসলাম। শনিবার থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন।
বিদায়ী স্টেশন মাস্টার খলিলুর রহমান সম্পর্কে স্টেশনের পি-ম্যান দুলাল মিয়া, হুমায়ন কবির, সাজ্জাদুর রহমান, সোহেল রানা ও আরিফুল ইসলাম বলেন,বড় বাবু খলিলুর রহমান অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। দায়িত্ব পালনে তিনি সবসময় আন্তরিক ছিলেন এবং সহকর্মীদের সঙ্গে পারিবারিক পরিবেশে কাজ করেছেন। তাঁর নতুন কর্মস্থলে সফলতা কামনা করছি।
নতুন স্টেশন মাস্টার রবিউল ইসলামকে সোনাতলা রেলওয়ে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে বিদায়ী স্টেশন মাস্টার খলিলুর রহমানের সুস্বাস্থ্য ও কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করেছেন তারা।
