মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, পুড়ে ছাই শত শত বাড়িঘর

সোমবার, ৩ আগস্ট ২০২৬ পঠিত: ২০ বার

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। আগুন থেকে বাঁচতে অঞ্চলের অন্তত ৬০ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে ইতিমধ্যে অন্তত ৬০০টি বাড়িঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা ভস্মীভূত হয়েছে বলে নিশ্চিত করেছে রাজ্য কর্তৃপক্ষ। খবর এনবিসি নিউজের।

দাবানলের তাণ্ডবে ওয়াশিংটনের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন ও তার আশপাশের প্রায় ৮ দশমিক ২ বর্গমাইল এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ওয়াশিংটনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি অঞ্চলে নতুন করে শুরু হওয়া দাবানল এখনো অনিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া বাসিন্দাদের মধ্যে স্পোকেনের মার্কিন ভেটেরান্স অ্যাফেয়ার্স হাসপাতালের রোগীরাও রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে আবাসিক এলাকার কাছাকাছি আগুনের তীব্র শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। অনেক স্থানে আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ির শুধুই ইট-পাথরের চিমনিগুলো দাঁড়িয়ে রয়েছে।

আগামী কিছুদিন আবহাওয়া বেশ শুষ্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা কম। স্পোকেনে এক সংবাদ সম্মেলনে মার্কিন সিনেটর মারিয়া ক্যান্টওয়েল বলেন, ‘আমরা এখনো বিপদ অতিক্রম করতে পারিনি। সামনের দিনগুলো বেশ চ্যালেঞ্জিং হবে।’

স্পোকেন ছাড়াও পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগনের প্রায় ৫২৫ বর্গমাইল তৃণভূমিজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। সেখানে বুলডোজার ও হেলিকপ্টার ব্যবহার করে টানা ১০ দিনের মতো আগুন নেভানোর লড়াই চালাচ্ছেন অগ্নিনির্বাপক কর্মীরা। দাবানলের কারণে এই অঞ্চলের আরও অন্তত ৬০০টি বাড়ি ও ৮০০টি স্থাপনা ঝুঁকিতে রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় জাতীয় আবহাওয়া পরিষেবা পূর্ব ওয়াশিংটন, পূর্ব ওরেগন, পশ্চিম আইডাহো ও পশ্চিম মন্টানাজুড়ে বায়ুর মান নিয়ে লাল সতর্কতা জারি করেছে। দাবানলের ঝুঁকি ও প্রচণ্ড তাপপ্রবাহের কারণে ইউটা, নেভাদা, ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনাতেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *