জুলাই গণঅভ্যুত্থান দিবস: বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
স্টাফ রিপোর্টার
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে দু-দেশের মধ্যে আজ বুধবার (৫ আগস্ট) সকাল থেকেই বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।
আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, আজ বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া বন্ধ রয়েছে কাস্টমস ও বন্দরের কার্যক্রম। আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে যথারীতি এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।
বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, জুলাই গণঅভ্যুত্থান দিবসে বুধবার সরকারি ছুটি থাকায় দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে আবারও এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
