যশোরে জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন মীর মুগ্ধ একাদশ
যশোর অফিস
জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। টুর্নামেন্টে চারটি দল অংশ নেয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে টিম শহিদ মীর মুগ্ধ।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলার আহ্বায়ক শাহেদ মো. রিজভী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সাঈদ সান।
টুর্নামেন্টে অংশ নেওয়া চারটি দল হলো—টিম শহিদ আবু সাঈদ, টিম শহিদ মীর মুগ্ধ, টিম শহিদ ওয়াসিম ও টিম শহিদ আনাস। দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে টিম শহিদ মীর মুগ্ধ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
আয়োজকেরা বলেন,জুলাই আন্দোলনে শহিদদের স্মরণ এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
