মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

মেসির বিদায়ের পর পারেদেসও কি হাঁটছেন একই পথে?

বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ২৪ বার

লিওনেল মেসির জাতীয় দল ছাড়ার সিদ্ধান্তের রেশ কাটতে না কাটতেই আর্জেন্টিনা শিবিরে দেখা দিয়েছে নতুন অনিশ্চয়তা। এবার আলবিসেলেস্তেদের জার্সি ছাড়ার ইঙ্গিত দিয়েছেন বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য লিয়ান্দ্রো পারেদেস।

৩২ বছর বয়সী এই মিডফিল্ডার জানিয়েছেন, মেসির বিদায়ের সিদ্ধান্ত তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। একই সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়েও নিশ্চিত নন তিনি। সংবাদ সম্মেলনে পারেদেস সরাসরিই বলেছেন, জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে উঠতে পারে।

নিজের ভবিষ্যৎ নিয়ে পারেদেস বলেন, নিষেধাজ্ঞা, মেসির সিদ্ধান্তসহ সাম্প্রতিক ঘটনাগুলো মিলিয়ে পরিস্থিতি আগের মতো নেই। কোচের সঙ্গে এখনো এ বিষয়ে তার কথা হয়নি। তবে শিগগিরই আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

মেসির বিদায়ের প্রসঙ্গে আবেগাপ্লুত পারেদেস তার দীর্ঘদিনের সতীর্থের প্রশংসা করে বলেন, মেসির রেখে যাওয়া উত্তরাধিকার চিরস্থায়ী। কখনো হাল না ছেড়ে নিজের স্বপ্নের পেছনে ছোটা এবং শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ করাই মেসির সবচেয়ে বড় শিক্ষা বলে মনে করেন তিনি।

আর্জেন্টিনার জার্সিতে মেসিকে আরও একবার দেখার ইচ্ছার কথাও জানিয়েছেন পারেদেস। তবে সতীর্থের সিদ্ধান্তকে সম্মান জানানো ছাড়া তাদের আর কোনো পথ নেই বলেও স্বীকার করেছেন তিনি।

বিশ্বকাপের ফাইনালের পর মেসির সঙ্গে হওয়া কথোপকথনের কথাও স্মরণ করেছেন পারেদেস। তার ভাষ্য অনুযায়ী, ফাইনাল ম্যাচটিই জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ হতে পারে, এমন ইঙ্গিত তখনই পাওয়া গিয়েছিল। তবু মেসির বিদায়ের জন্য তারা মানসিকভাবে প্রস্তুত ছিলেন না।

পারেদেসের নিজের ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ার পেছনে অবশ্য শুধু মেসির বিদায় নয়, রয়েছে ফিফার নিষেধাজ্ঞাও। বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে বিবাদে জড়ানোর ঘটনায় তাকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। পাশাপাশি করা হয়েছে ৯০ হাজার ডলার জরিমানা।

এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। তবে শাস্তি বহাল থাকলে আগামী কয়েকটি ম্যাচে পারেদেসকে ছাড়াই মাঠে নামতে হবে বিশ্বচ্যাম্পিয়নদের।

এর মধ্যেই ক্লাব ফুটবলে ফিরছেন পারেদেস। বুধবার কোপা আর্জেন্টিনার শেষ ষোলোতে তার ক্লাব বোকা জুনিয়র্স মুখোমুখি হবে ভেলেস সার্সফিল্ডের।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *