চলন্ত ট্রেনে নারী যাত্রীকে ধর্ষণের ঘটনায় সান্তাহার রেলওয়ে থানার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- গত মঙ্গলবার রাতে ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ট্রেনের ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে একই ঘটনায় ওই ট্রেনে নিরাপত্তার দায়িত্বে থাকা ৪ পুলিশ সদস্যকে দায়িত্বে অবহেলা এবং ঘটনার সাথে জড়িত অভিযোগে তাদের প্রত্যাহার করে পাকশী রেলওয়ে জেলা পুলিশ লাইনে নেওয়া হয়েছে। প্রত্যাহার হওয়া চার পুলিশ সদস্যরা হলেন, এটিএসআই খোকন ইসলাম (৩৫), কনস্টেবল ফজলে রাব্বি (৩৪), গোলাম মোস্তফা (৩৬) ও আশিকুল রহমান (৩০)। এ ঘটনার বিষয়টি তদন্ত করছে রেলওয়ে পুলিশ। মামলার এজাহার সুত্রে জানা গেছে, ট্রেনটি চলন্ত অবস্থায় ওই নারীকে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য তল্লাশির কথা বলে খাবারের বগিতে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
সেখানে তার সঙ্গে অসদাচরণ ও অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে। পরে ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিক ওই নারীকে ধর্ষণ করেন বলে ভুক্তভুগি ওই নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ভিকটিম নারীকে উদ্ধার সহ ধর্ষক ক্যান্টিন বয় কে গ্রেফতার করে। পরে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে সান্তাহার রেলওয়ে থানায় নারী ও শিশু আইনে মামলা দায়ের করেন।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দীন বলেন, মামলায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা তদন্ত করে দেখা হচ্ছে। তবে ঘটনার দিন ওই চার পুলিশ সদস্যের ট্রেনে দায়িত্ব থাকার কারনে চার পুলিশ সদস্যকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত চলছে তারা দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
